রেজিনগর উপনির্বাচনের গণনায় বড়ো উত্তেজনার আশঙ্কা! বহরমপুরে আচমকা জারি ১৬৩ ধারা

রেজিনগর উপনির্বাচনের গণনায় বড়ো উত্তেজনার আশঙ্কা! বহরমপুরে আচমকা জারি ১৬৩ ধারা

উপনির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে তুমুল অশান্তির আশঙ্কায় উত্তপ্ত মুর্শিদাবাদ। আগামী ৯ অক্টোবর বহরমপুর গার্লস কলেজে ৭০-রেজিনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে। গণনার দিন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির সমর্থকদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বড়সড় গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। এই রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক (সদর) সমীরণ বরিক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন। গণনার দিন ভোর ৫টা থেকে প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত বহরমপুর গার্লস কলেজ সংলগ্ন এলাকায় কঠোর প্রশাসনিক বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যানবাহন প্রবেশ, লাউডস্পিকার বাজানো এবং ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২০০ মিটারের মধ্যে অস্ত্র, মোবাইল বা কোনো ওয়্যারলেস যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না এবং কমিশনের বৈধ পরিচয়পত্র ছাড়া কেউ ঢোকার অনুমতি পাবেন না। উল্লেখ্য, প্রার্থী পদ প্রত্যাহার, হুমায়ুন কবীরের গ্রেফতার ও পরে রাজনীতি ত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে রেজিনগর উপনির্বাচনে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল। একই দিনে নন্দীগ্রাম কেন্দ্রের ভোটগণনাও অনুষ্ঠিত হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *