রাষ্ট্রপতি সাক্ষাৎ নাকি মেগা আন্দোলন? আচমকা দিল্লি রওনা দিয়ে কোন বড় বার্তা দিলেন মমতা?

ইন্ডিয়া জোটের কর্মসূচি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জল্পনা সত্যি করে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি উত্তাল হয়ে ওঠার এই আবহে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি রওনা দেওয়ার আগে তিনি জানান, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর কথা ভেবেছিলেন। তবে সতীর্থ নেতাদের অনুরোধ ও বাংলার মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে তিনি নিজেই রাজধানীতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপতি সময় দিলে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলির এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে নিজের উপস্থিতি বজায় রাখা জরুরি বলে মনে করেছেন তিনি। পুজোর ব্যস্ততার মধ্যেও তাঁর এই দিল্লি সফর জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, রাজধানীতে গিয়ে তিনি এই প্রতিবাদী কর্মসূচিতে ঠিক কী ভূমিকা পালন করেন।