ক্যান্সারের বিরুদ্ধে লড়াই থামল, ৪৭ বয়সে প্রয়াত প্রখ্যাত সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই থামল, ৪৭ বয়সে প্রয়াত প্রখ্যাত সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ ও অভিজ্ঞ সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার সকালে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।

দুই দশকেরও বেশি সময় ধরে সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন পাপিয়া সিংহ। দীর্ঘ দিন একটি প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর স্পষ্ট উচ্চারণ, সাবলীল উপস্থাপন ভঙ্গি এবং মার্জিত ব্যক্তিত্ব বাংলা সংবাদের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। সংবাদ পাঠের বাইরে আবৃত্তির জগতেও ছিল তাঁর অনায়াস যাতায়াত।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া। ইতোমধ্যেই ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল তাঁর। কেমোর ধাক্কায় শারীরিক কষ্ট ও অস্বস্তি বাড়লেও, এই লড়াই জিতে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী ছিলেন তাঁর পরিবার ও অনুগামীরা। তবে বৃহস্পতিবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তিগত জীবনে প্রাণবন্ত ও খাদ্যরসিক হিসেবে পরিচিত পাপিয়া রেখে গেলেন তাঁর মা, স্বামী ও পুত্রকে। তাঁর এই আকস্মিক ও অকালপ্রয়াণে বাংলা সংবাদমাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, পরিচিতজন ও অগুনতি দর্শক তাঁর স্মৃতিতে শোকপ্রকাশ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *