মাঠের লড়াইয়ের বড় স্বীকৃতি! ৭৮ জন পদকজয়ী ক্রীড়াবিদের সরকারি চাকরি চূড়ান্ত করল নবান্ন

খেলার মাঠে সাফল্য অর্জনের পর এবার স্থায়ী রাজ্য সরকারি চাকরির দুয়ার খুলল পশ্চিমবঙ্গের ৭৮ জন জাতীয় স্তরের পদকজয়ী ক্রীড়াবিদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্পোর্টস কোটায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াকে একদম শেষ ধাপে নিয়ে এল নবান্ন। সফল প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন রোল (PVR) এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হচ্ছে, যা নিয়ে সম্প্রতি আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
নথি জমা দেওয়ার নিয়ম ও সময়সীমা নিয়োগের জন্য নির্বাচিত ক্রীড়াবিদদের নির্দিষ্ট প্রক্রিয়ায় ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারের ওয়েবসাইট (www.par.wb.gov.in) থেকে ‘ভেরিফিকেশন রোল’ বা PVR ফর্ম ডাউনলোড করে তা নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মে দুটি অরিজিনাল সেটের সঙ্গে পদক জয়ের প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (self-attested copy) একটি মুখবন্ধ খামে জমা দিতে বলা হয়েছে।
প্রার্থীরা তাঁদের নথি সরাসরি নবান্নের সাততলায় কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের ৭০৩ নম্বর ঘরের ড্রপ-বক্সে অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫টি কর্মদিবসের মধ্যে (সরকারি কাজের দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে) এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে PVR জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরি গ্রহণে অনিচ্ছুক বলে গণ্য হবেন।
সংরক্ষিত শ্রেণি ও কর্মরত প্রার্থীদের বিশেষ নির্দেশ তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), ওবিসি (OBC) এবং বিশেষভাবে সক্ষম (PWD) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শংসাপত্রের দুটি স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি, যেসব প্রার্থী বর্তমানে অন্য কোনো সরকারি চাকরিতে যুক্ত আছেন, তাঁদের পুলিশ ভেরিফিকেশন ও শারীরিক পরীক্ষা প্রক্রিয়ার স্বার্থে বর্তমান নিয়োগকর্তাকে বিষয়টি আগেভাগেই অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
যোগ্যতা অনুযায়ী পদের বন্টন রাজ্য প্রশাসনিক সূত্রে জানা গেছে, ক্রীড়াবিদদের পদক এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (UDA), লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) এবং গ্রুপ-ডি পদে বহাল করা হবে। বিশেষ এই নিয়োগের ফলে কর্মিবর্গ দফতরের অনুমোদিত মূল পদকাঠামোয় কোনো রদবদল হচ্ছে না।
উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সুপারিশক্রমে গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। নবান্নের এই সাম্প্রতিক উদ্যোগে দীর্ঘদিন ধরে অপেক্ষারত অ্যাথলিটদের স্থায়ী চাকরির স্বপ্ন এখন বাস্তবায়নের দোরগোড়ায়।