আমেরিকায় বন্ধ চাকরির দরজা! ট্রাম্পের কোপে মাইক্রোসফট-ইনফোসিস সহ আটটি টেক জায়ান্ট

মার্কিন মুলুকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য বড় ধাক্কা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়ম ভেঙে এইচ-১বি ভিসা এবং পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে আটটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে মাইক্রোসফট, টাটা, উইপ্রো, ইনফোসিস, কগনিজ্যান্ট, অ্যাডোব, এইচসিএল এবং ক্যাপজেমিনির মতো বিশ্বখ্যাত সংস্থাগুলির। মার্কিন প্রশাসনের এই কড়া পদক্ষেপে রীতিমতো সংকটে পড়েছে এই সংস্থাগুলির মাধ্যমে আমেরিকায় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পথ।
গ্রিন কার্ড পাওয়ার প্রাথমিক ধাপ হিসাবে বিবেচিত পিইআরএম প্রক্রিয়ায় অনিয়মের জেরে এই আটটি সংস্থাকে নতুন করে আবেদন করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ করা হয়েছে, যা বিদেশি কর্মীদের বিশেষ করে ভারতীয় আইটি পেশাদারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াল। বর্তমান পরিস্থিতিতে এই সংস্থাগুলির মাধ্যমে আমেরিকায় চাকরি পেতে ইচ্ছুক আবেদনকারীদের ভিসার জটিলতা এবং তীব্র অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে।