জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও SIR বাতিলের দাবিতে উত্তপ্ত বেঙ্গালুরু, রাজপথে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠী!

দিল্লির পূর্বঘোষিত বিক্ষোভের দু’দিন আগে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল প্রতিবাদ সভা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি কেন্দ্রের ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির তীব্র সমালোচনা করে সিজেপি। সমাবেশে উপস্থিতি ছিলেন অভিনেতা প্রকাশ রাজ, খ্যাতনামা ইউটিউবার ধ্রুব রাঠী এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে তাঁর পদত্যাগের দাবি তোলেন অভিজিৎ দীপকে। ২০২৪ সালের ভোটের ব্যবধানের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দেশজুড়ে ৩০ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জারি থাকবে। ফ্রিডম পার্কের এই ‘পিপলস ট্রাইবুনাল’-এ বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা প্রকাশ রাজ এসআইআর যাচাইকরণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় বক্তা সৌরভ দাসও যোগ করে জানান, এই অন্যায়ের বিরুদ্ধে সচেতন নাগরিকরা আজ ঐক্যবদ্ধ।