গ্রিন দুর্গাপুজো করলেই মিলবে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার! জানুন আবেদন করার সহজ উপায়

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের পুজো কমিটিগুলির জন্য এক বড় ও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবেশ সুরক্ষা, সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতাকে উৎসাহিত করতে চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ (Green Durga Puja Excellence Award)। সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কারের ঘোষণা করেন।
পুরস্কারের বিভাগ ও অর্থের পরিমাণ: পরিবেশবান্ধব চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে পুজো কমিটিগুলিকে মোট চারটি বিভাগে পুরস্কৃত করা হবে—
- শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো
- শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো
- শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ
- কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড
রাজ্য স্তরে সেরা নির্বাচিত পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কমিটিগুলির জন্য রাখা হয়েছে যথাক্রমে ৮০ হাজার ও ৫০ হাজার টাকা। রাজ্য স্তরের পাশাপাশি প্রতিটি জেলা থেকেও নির্বাচিত সেরা পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সম্মান জানাবে রাজ্য।
কীভাবে আবেদন করবেন? প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ (Green Durga Puja Evaluation App)। পুজো কমিটিগুলিকে অনলাইনেই আবেদন জানাতে হবে:
১. ফোনে অ্যাপটি ডাউনলোড করে ‘Register as New User’ বা ‘Sign Up’ অপশনে যান। ২. ক্লাবের নাম, ঠিকানা, মহকুমা এবং ব্লক বা পুরসভার নাম নির্বাচন করুন। ৩. কমিটির প্রধান কর্মকর্তা বা সম্পাদকের নাম, মোবাইল নম্বর ও ইমেল দিন। এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। ৪. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে মূল্যায়ন ফর্মটি সম্পূর্ণ করুন। সেখানে প্লাস্টিক বর্জন, পরিবেশবান্ধব মণ্ডপ ও প্রতিমা এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
আর্থিক পুরস্কারের পাশাপাশি মণ্ডপ চত্বরে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মাঝে চারাগাছ বিতরণের জন্যও পুজো কমিটিগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই পুজো উদ্যোক্তা ও আমজনতার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।