জলের পাইপ বসানো নিয়ে রণক্ষেত্র সাঁকরাইল, অন্তঃসত্ত্বার পেটে লাথিতে ঝরল ১০ বছরের প্রার্থিত প্রাণ?

হাওড়ার সাঁকরাইলের মাঝেরপাড়ায় বাড়ির সামনে জলের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের রক্তক্ষয়ী সংঘর্ষে মর্মান্তিক পরিণতি ঘটল এক অন্তঃসত্ত্বা মহিলার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জলের পাইপ বসানো নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বুধবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করলে তা থামাতে এগিয়ে আসেন দুই মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা। অভিযোগ, বচসার মাঝেই ফারহান মোল্লা নামে এক প্রতিবেশী যুবক তাঁর পেটে সজোরে লাথি মারেন। তীব্র আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং মারাত্মক রক্তপাত শুরু হয়। দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর যেখানে প্রথম সন্তানের আলো দেখার স্বপ্ন বুনছিল পরিবারটি, হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের গর্ভপাতের ঘোষণায় মুহূর্তের মধ্যে সেই আশায় নেমে আসে অন্ধকারের ছায়া।
ঘটনার মর্মান্তিকতায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সাঁকরাইল এলাকায়। আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই সাঁকরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তে নামে পুলিশ এবং মূল অভিযুক্ত ফারহান মোল্লাসহ আজগর মোল্লা ও সুরজ মোল্লা নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই অমানবিক ও নৃশংস ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না এবং পুরানো বিবাদের জল কত দূর গড়িয়েছে, তা খতিয়ে দেখতে মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে স্থানীয় পুলিশ।