মাছি মারতে কামান নয়! দিল্লিতে কড়া কেন্দ্রকে সুপ্রিম কোর্টের তোপ, স্বস্তিতে সাধারণ মানুষ

দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে মেট্রো ও ট্রেন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা, নিরাপত্তা ও বিক্ষোভ নিয়ন্ত্রণের নামে লক্ষ লক্ষ সাধারণ মানুষের যাতায়াত স্তব্ধ করে পুরো গণপরিবহন স্তব্ধ করা যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের মন্তব্য, “মশা মারতে কামান দাগা বা মাছি মারতে হাতুড়ি ব্যবহার চলবে না।” পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে পারে না।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সম্মত হয়েছে কেন্দ্র। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, জনগণের চলাচলের অধিকার রক্ষা করে ট্রেন ও মেট্রো চলাচলের নতুন এবং স্পষ্ট গাইডলাইন দ্রুত তৈরি করতে হবে। সাধারণ যাত্রী ও নাগরিকদের সুবিধার জন্য সংশোধিত এই নির্দেশিকা প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে। ২৬ হাজারেরও বেশি আধা-সেনা মোতায়েনের মধ্যে শীর্ষ আদালতের এই হস্তক্ষেপ রাজধানীর লাখ লাখ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।