ঘুষ না দিয়ে সোজা দুর্নীতিদমন শাখা! বাসের পারমিট নবীকরণে কাটমানি চাইতে গিয়ে গ্রেফতার ২

রাজ্য পরিবহণ কর্তৃপক্ষের (এসটিএ) অধীনে বাসের পারমিট নবীকরণ ও পরিবর্তনের নামে ঘুষ নেওয়ার অভিযোগে এক আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) এবং তাঁর এক সহযোগী দালালকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতিদমন শাখা (এসিবি)। শুক্রবার, ৯ অক্টোবর একটি বিশেষ অভিযান চালিয়ে ঘুষের নগদ টাকাসহ অভিযুক্ত দু’জনকে হাতেনাতে পাকড়াও করা হয়।
এসিবি সূত্রে জানা গেছে, অভিযোগকারী ব্যক্তি তাঁর বাসের পারমিট নবীকরণ ও কিছু প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, কাজটি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই আরটিও এবং দালাল যৌথভাবে প্রথমে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে ঘুষের অঙ্ক ঠিক হয় ৯০ হাজার টাকা।
তবে ঘুষ না দিয়ে অভিযোগকারী সোজা রাজ্য দুর্নীতিদমন শাখার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তকারীরা অভিযুক্তদের হাতেনাতে ধরার জন্য একটি বিশেষ ফাঁদ তৈরি করেন। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ ওই পরিবহণ আধিকারিক ও দালালকে গ্রেফতার করা হয়।
এই ঘুষ কাণ্ডের পেছনে পরিবহণ দপ্তরের আর কোনও আধিকারিক যুক্ত রয়েছেন কি না বা বড় কোনও সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে এসিবি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।