ইডেনে ৩ হাজার ঢাকের তালে বিশ্বরেকর্ড! মহালয়ার আগেই কোটি টাকার জমকালো আয়োজনে শুরু দুর্গাপুজো

দেবীপক্ষের সূচনায় কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হলো ‘উমা আগমনী’ উৎসব। শনিবার এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাচ, গান, ড্রোন শো ও আতশবাজির পাশাপাশি এ দিনের মূল আকর্ষণ ছিল একসঙ্গে ৩ হাজার ঢাকির সমবেত বাদ্যি এবং এক হাজারেরও বেশি নৃত্যশিল্পীর পরিবেশনা। মহালয়ার আগেই আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে, এবং মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে সেই শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যসচিব মনোজ অগ্রবালসহ বিশিষ্টজনেরা।
তবে এই বিপুল আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্কও দানা বেঁধেছে। রাজ্য সরকারের এই মহোৎসবে প্রায় ১৬৭ কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দল। তাদের দাবি, গত বছর পর্যন্ত বিজয়া দশমীর রেড রোড কার্নিভালের তুলনায় এই ব্যয় অনেক বেশি। যদিও সরকারিভাবে খরচের কোনো বিস্তারিত হিসাব এখনো প্রকাশ করা হয়নি। মহালয়া প্রাক্কালে কলকাতার এই মেগা ইভেন্ট একদিকে যেমন বিশ্বমঞ্চে অনন্য নজির গড়েছে, তেমনই দুর্গোৎসবের প্রাক্কালে বিপুল সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।