‘শান্তিভঙ্গ করা যাবে না’- এই শর্তে জামিন পেলেন CJP নেতারা, রাতেই ছাড়া পেলেন ধ্রুব রাঠিও

নয়াদিল্লি: আগামী এক বছর কোনো রকম শান্তিভঙ্গ করা যাবে না—এমনই একগুচ্ছ কড়া শর্তে জামিন পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র তিন শীর্ষ নেতা। রবিবার সকালে দিল্লির কেন্টনমেন্টের এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মুক্তি পান অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। অন্যদিকে, শনিবার দিনভর আটকা রাখার পর রাতেই মুক্তি পান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল CJP। সেই বিক্ষোভে যোগ দিতে দিল্লি পৌঁছতেই পুলিশ ওই তিন নেতাকে আটক করে। পরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ এবং ১৭০ ধারায় তাঁদের সতর্কতামূলক গ্রেপ্তার দেখানো হয়। সংগঠনের লিগাল টিমের প্রধান রত্না সিং জানান, আগামী এক বছর কোথাও শান্তিভঙ্গ করবেন না—এই শর্তেই আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। ছাড়া পাওয়ার পর নেতা আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, রবিবার দুপুর ২টোয় তাঁরা একটি সংবাদ সম্মেলন করবেন।
এদিকে, CJP-র ওই বিক্ষোভে যোগ দিতে বিদেশ থেকে দিল্লি এসেছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁকেও শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, তাঁর এই আন্দোলন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন তুলছে। যদিও শনিবার রাতেই তাঁকে মুক্তি দেওয়া হয়। সূত্রের খবর, ভবিষ্যতে আর এই ধরনের আন্দোলনে যোগ না দেওয়ার শর্তেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিন নেতার জামিনের পর CJP-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আরশোলারা কখনও মরে না। শেষ পর্যন্ত দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে মুক্তি দিতে বাধ্য হলো দিল্লি পুলিশ।”