পুজোর আগেই নিম্নচাপের ভ্রুকুটি, পঞ্চমী থেকে বাংলায় আবহাওয়ার বড় বদল,

আজ নবরাত্রির প্রথম দিনে বাংলার আবহাওয়া শুষ্ক ও রোদ ঝলমলে থাকলেও উৎসবমুখর বাঙালির মনে উদ্বেগ বাড়াচ্ছে নিম্নচাপের পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হলো, এই নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকায় পুজোর দিনগুলিতে রাজ্যে বড় ধরনের দুর্যোগের তেমন কোনও সম্ভাবনা নেই।
এদিকে রাজ্য থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার রাত থেকে আবহাওয়া বদলাতে পারে এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পুজোর শেষদিকে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।