‘মোদি সরকারের ২০০ আধিকারিক আমাদের স্পর্শে, তথ্য দিচ্ছেন!’— জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে রাহুলের বোমা

সুপ্রিম কোর্টের অভিমুখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)-র পরিকল্পিত প্রতিবাদ মিছিলের ঠিক আগেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও ধারালো করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করার অভিযোগ তুলে সোমবার নরেন্দ্র মোদি সরকারকে সরাসরি নিশানা করেন তিনি।
একই সঙ্গে জাতীয় রাজনীতিতে প্রবল আলোড়ন ফেলে রাহুল দাবি করেন— খোদ কেন্দ্রীয় সরকারের ভেতরে থাকা প্রায় ২০০ জন শীর্ষ আধিকারিক বর্তমানে বিরোধী শিবিরের সাথে যোগাযোগ রাখছেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করছেন।
‘জ্ঞানেশ কুমার পদে ইস্তফা দিয়ে সরকারি সাক্ষী হন’ ভোট কারচুপির অভিযোগে শুরু থেকেই বিরোধীদের মূল নিশানায় রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়ে রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমারের আর এক মুহূর্তও পদে থাকা উচিত নয়। তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং প্রয়োজনে ঘটনার নিরপেক্ষ তদন্তে ‘সরকারি সাক্ষী’ (অ্যাপ্রুভার) হয়ে যাওয়া উচিত।
প্রধানমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, “আমি মোদিজিকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— আপনার সরকারের ২০০ জনেরও বেশি আধিকারিক আমাদের নিয়মিত যোগাযোগে আছেন। এদের মধ্যে ইডি (ED), সিবিআই (CBI) এবং বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্তারাও রয়েছেন, যারা সরকারের নানা গোপন তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন।”
‘সংবিধান রক্ষায় আপসহীন লড়াই চলবে’ নির্বাচন কমিশন ও মোদি সরকারের যৌথ ভূমিকার তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দেন যে, দেশের সংবিধানের মর্যাদা পূর্ণপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত বিরোধীরা বিন্দুমাত্র পিছু হটবে না। রাহুলের এই অভূতপূর্ব বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে।