ভোটের মুখে তোলপাড় রাজনীতি: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে রাহুলসহ ১১ হেভিওয়েট বিরোধী নেতা!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘SIR’-এ মারাত্মক অনিয়ম ও ব্যাপক হারে নাম বাদ দেওয়ার অভিযোগে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো বিরোধী ‘INDIA’ ব্লক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ১১ জন শীর্ষ বিরোধী নেতা নির্বাচন কমিশনকে বিবাদী করে যৌথভাবে এই পিটিশন দাখিল করেছেন। একইসঙ্গে, দিল্লিতে তাঁদের শান্তিপূর্ণ ‘মার্চ ফর ডেমোক্রেসি’ মিছিলে পুলিশি বাধা এবং গণতান্তিক প্রতিবাদের ওপর আরোপিত প্রশাসনিক বিধিনিষেধের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আদালতে তুলে ধরা হয়েছে।
আইনি লড়াইয়ের পাশাপাশি সুর আরও চড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন রাহুল গান্ধী। এক সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশনারকে পদত্যাগ করে ‘রাজসাক্ষী’ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দাবি করেন, প্রায় ২০০ জন সরকারি আধিকারিক বর্তমানে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে ভেতরের তথ্য জোগাচ্ছেন। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ না পেয়ে আদালতের আইনি পথেই লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিরোধীরা। বর্তমানে চারটি পক্ষকে বিবাদী করে দায়ের করা এই হাইভোল্টেজ জনস্বার্থ মামলার শুনানির দিকেই নজর রাখছে সমগ্র দেশ।