‘বয়সে বড় বলেই অনুরোধ করছি…’, পুজোর মাঝে মুখ্যমন্ত্রীর মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

দিল্লির পর এবার রাজধানী কলকাতাতেও কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে। এই মিছিলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অংশ নেওয়ার কথা রয়েছে। আর এই কর্মসূচি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাপ্রায়। মমতাকে প্রকাশ্যেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই মিছিল প্রসঙ্গে কলকাতা পুলিশকেও একটি বার্তা দিয়েছেন তিনি।
মমতার মিছিল নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, বয়সে বড় হওয়ার সুবাদে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন— পুজোর মরসুমে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি না করাই ভালো। রাজাবাজার থেকে পার্ক সার্কাসের মতো ব্যস্ত এলাকায় কেন এই মিছিলের আয়োজন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, কলকাতা পুলিশকে বার্তা দিয়ে শুভেন্দুর দাবি, যেখান থেকে মিছিল শুরু হবে, পুলিশ যেন সেখানেই তা শেষ করে দেয়। যদিও এই মিছিলের আইনি অনুমতি শেষ পর্যন্ত পুলিশ দেয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
শুধু কলকাতার কর্মসূচিই নয়, এর আগে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি নিয়েও তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তাঁর অভিযোগ, দিল্লিতে গিয়ে ‘দিমাগী নকশালদের’ সঙ্গে হাত মিলিয়ে দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের সূচনার ইতিহাস টেনেও মমতাকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু। তাঁর দাবি, একসময় সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্যই তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল। অথচ আজ সেই মমমা বন্দ্যোপাধ্যায়কেই সিপিএমের হেভিওয়েট নেতা এম এ বেবির পায়ে গিয়ে মাথা নত করতে হচ্ছে— এমন তীব্র ভাষাতেই কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে একটি ‘বিপুল প্রতিবাদ মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই কর্মসূচি সফল করতে দলের তরফে প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে পুজোর আবহে এই রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।