‘জঙ্গি কোথাকার, কেন এসেছেন!’ নিউ ইয়র্কে নামতেই প্রবল জনরোষ ও বিক্ষোভের মুখে মহম্মদ ইউনুস

বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান থাকাকালীন সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে তীব্র ক্ষোভের মুখে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের প্রবল বিক্ষোভের মুখোমুখি হন তিনি। কাতার এয়ারওয়েজের বিমানে আমেরিকা পৌঁছানোর পর টার্মিনাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ ও ‘জঙ্গি’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাঁর শাসনকালে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের ওপর চলা নির্যাতনের অভিযোগ তুলে সোচ্চার হন তাঁরা।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ইউনুস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেন। এরপর এই প্রথম তিনি বিদেশ সফরে যান। বিমানবন্দর চত্বরে প্রবাসী বাংলাদেশিরা তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগসহ নানা গুরুতর প্রশ্ন তোলেন। তবে উত্তাল পরিস্থিতির মধ্যেও তিনি শান্ত ছিলেন এবং শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করেন। এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।