৫০ ডিগ্রিতে পৌঁছাল তাপমাত্রা! সুপারমার্কেটের ফ্রিজে বড়সড় সাইবার হামলায় তোলপাড় ফ্রান্স

ফ্রান্সের একাধিক নামী সুপারমার্কেটে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। একযোগে বহু শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থায় হ্যাকারদের হানার ফলে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এর জেরে বিপুল পরিমাণের তাজা এবং হিমায়িত খাদ্যসামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি কয়েকটি ক্ষেত্রে অতিরিক্ত উত্তাপের কারণে অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গিয়েছে। ই লেক্লেরক, ইন্টারমার্শে এবং কোঅপারেটিভ ইউ-এর মতো শীর্ষস্থানীয় রিটেল জায়ান্টরা এই আন্তর্জাতিক সাইবার হানার শিকার হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
ফরাসি সাইবার নিরাপত্তা এজেন্সিগুলির প্রাথমিক অনুসন্ধানে ডেনমার্কের এক ভেন্ডর কো ম্পা নির সরবরাহ করা সফটওয়্যারে সমস্যা ধরা পড়েছে। ফরাসি প্রধানমন্ত্রী কার্যালয় এবং নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই সেই বিদেশি ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এটি একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির সমন্বিত হামলা বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অন্যান্য ইউরোপীয় দেশ ও সংস্থাতেও এই বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অবকাঠামো চিহ্নিত করে সুরক্ষা বলয় জোরদার করার কাজ দ্রুত গতিতে চলছে।