নির্বাচন কমিশনের বিরুদ্ধে মেগা ‘চলো দিল্লি’ অভিযান! রাহুল-মমতা-অখিলেশদের বিরুদ্ধে জোড়া এফআইআর পুলিশের

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ বাতিল করার দাবিতে দিল্লিতে বিরোধী ইন্ডিয়া ব্লকের বিশাল প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি পুলিশ। অনুমতি ছাড়া মিছিল করা এবং ব্যারিকেড ভেঙে ফেলার অভিযোগে সেন্ট্রাল দিল্লির বারখাম্বা রোড ও তিলক মার্গ থানায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই পদযাত্রায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ জোটের শীর্ষ নেতৃত্ব অংশ নেন।
হাজার হাজার সমর্থক বারখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মিছিলে অংশ নেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টে একটি যৌথ পিটিশনও দাখিল করেছেন বিরোধী নেতারা। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার চেষ্টা ব্যর্থ হওয়ায় এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। গত ১০ দিনে সেন্ট্রাল দিল্লির বিভিন্ন থানায় বিক্ষোভ, হিংসা এবং ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে দুই ডজনেরও বেশি এফআইআর নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ।