হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি ফিরিয়ে কী জানালেন বিচারপতি?

পুলিশি নোটিসের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও সরে দাঁড়ানোর পর প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আসে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানিয়ে দেন, এই মুহূর্তে মামলাটির দ্রুত শুনানি গ্রহণ করা সম্ভব নয়। শুনানিতে অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, তদন্তের গোপনীয় তথ্য ও জিজ্ঞাসাবাদ সংক্রান্ত বিষয় সংবাদমাধ্যমে বারবার ‘লিক’ করে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে অবিলম্বে আইনি সুরক্ষার দাবি জানানো হলেও আদালত তা বিবেচনা করেনি।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার সঙ্গে হাতাহাতির ঘটনায় তিনটি এফআইআর রুজু হয়েছে। এই তদন্তেই শেক্সপিয়র সরণি থানার পুলিশ কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে সোমবার হাজিরা দেওয়ার নোটিস দেয়। তবে পর্যাপ্ত সময় না পাওয়ার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে ইমেল পাঠান। এরপর পুলিশ ফের তাঁর বাড়িতে নতুন নোটিস দিয়ে বুধবার তলব করেছে।