বড় ধাক্কা রাজ্যের! সিপিএমের বুকস্টল মামলায় হাইকোর্টের বিচারপতির তীব্র ক্ষোভ, বিরাট নির্দেশ

বনগাঁয় সিপিএমের পুজো মণ্ডপের পাশে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতায় রাজ্য সরকারকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজই বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, ঠিক কতগুলি স্টল বসানো হয়েছে এবং সেগুলির জন্য পূর্ত দফতরের সঠিক অনুমতি রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশকে জানাতে হবে। শুনারিসময়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বিচারপতি জানান, বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠস্বরকে এভাবে স্তব্ধ করে দেওয়া একেবারেই অনুচিত। লটারির দোকান নয়, বরং বইয়ের স্টল করার বিষয়ে কেন এত আপত্তি, সেই প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই বেঞ্চে মামলার শুনানি নিয়ে তীব্র আপত্তি জানান। রাজ্যের মূল দাবি ছিল, মহকুমাশাসক বা পূর্ত দফতরের একতিয়ারভুক্ত বিষয় হওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার উপযুক্ত বেঞ্চে মামলাটি স্থানান্তর করা উচিত। কারণ সিপিএমের আবেদন পূর্ত দফতরের কাছে করার কথা ছিল। তবে এজির সমস্ত যুক্তি শুনেও এখনই মামলা ছাড়তে রাজি হননি বিচারপতি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিচারপতির আসন ছাড়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে, তবে তার আগে পুলিশের দেওয়া পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট খতিয়ে দেখা বাধ্যতামূলক। আদালতের এই কড়া অবস্থানে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন।