বিদেশের মাটিতে উলু-শঙ্খধ্বনি, প্রবাসে মহাধুমধামে বাঙালির উমা আরাধনা!

ডেনমার্কে ‘বেঙ্গলিজ ইন ডেনমার্ক’ (বি.আই.ডি)-র আয়োজনে এবার ১৪ বছরে পদার্পণ করল স্ক্যান্ডিনেভিয়ার সর্ববৃহৎ দুর্গাপুজো, যার থিম “চোদ্দয় চিন্ময়ী।” ১৪ বছর আগে মৃৎশিল্পী মোহনবাঁশি রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপালের হাতের ছোঁয়ায় তৈরি প্রতিমা বাংলার মাটি থেকে জলপথে উত্তর সাগরে পাড়ি দিয়েছিল। আজও ঐতিহ্য মেনে ভারত থেকে আনা ১০৮টি পদ্মে সাজিয়ে তোলা হয় মণ্ডপ। পুরোহিত দেবর্ষি মুখার্জির মূলমন্ত্রে এই পুজো যেন এক টুকরো বঙ্গভূমি। লিঙ্গসাম্যের নজির গড়ে পুজোয় অংশ নেন মহিলা পুরোহিতরা, কুমারী পুজোয় অংশ নেন স্থানীয় ড্যানিশ কুমারীও, আর অষ্টমীর মহাপ্রসাদ বিতরণের ভার সামলায় মহিলাদের তৈরি ‘টিম অন্নপূর্ণা’।
প্রবাসের ব্যস্ততার মাঝেও জমে ওঠে পুজোর হরেক আয়োজন। প্রকাশ পায় বিশেষ পূজাবার্ষিকী এবং ছোট-বড় সকলের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। বর্তমান প্রেসিডেন্ট নবনীতা নন্দী ঘোষের মতে, এই উৎসব কেবল বাঙালির নয়, বরং ডেনমার্ক ও ভারতীয় সংস্কৃতির এক মেলবন্ধনক্ষেত্র, যেখানে উপস্থিত থাকেন ভারতীয় রাষ্ট্রদূত ও ড্যানিশ কালচারাল ইনস্টিটিউটের ডিরেক্টর। সেপ্টেম্বরের শেষে ড্যানিশ কাশফুল আর নীল আকাশের ছোঁয়া পেতেই তাই প্রবাসীরা কোমর বেঁধে নেমে পড়েছেন উমা আরাধনায়। এখন অপেক্ষা শুধু ঢাকের কাঠি পড়ার; সিঁদুরখেলা, ধুনুচি নাচ আর উলুধ্বনিতে মেতে উঠবেন গোটা কোপেনহেগেনবাসী।