বিগ বস বাংলার অন্দরে বড় চমক, জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কোন চেনা মুখেরা ঢুকছেন ঘরে

নিত্যদিন যেভাবে ‘বিগ বস বাংলা’র সমীকরণ বদলাচ্ছে, তাতে প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামা নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। গত এক সপ্তাহে শো থেকে পর পর বিদায় নিয়েছেন দুই প্রতিযোগী অনুষ্কা ঘোষ ও ঝিলম গুপ্ত। এই এলিমেশনের রেশ কাটতে না কাটতেই রিয়ালিটি শোয়ের অন্দরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এবার বিগ বসের ঘরে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে।
জনপ্রিয় টেলি অভিনেত্রী রনিতা দাসের সঙ্গে এই ঘরে পা রাখতে চলেছেন টলিপাড়ার পরিচিত অভিনেতা সৌরভ দাসও। এর আগে প্রিমিয়ারে সৌরভকে দেখতে না পেয়ে অনুরাগীরা হতাশ হলেও, এবার তাঁর যোগ দেওয়ার খবর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। ‘বাহামণি’ খ্যাত রনিতা এবং ‘মন্টু পাইলট’ সৌরভের এই এন্ট্রি যে খেলার মোড় ঘুরিয়ে দেবে, তা বলাই বাহুল্য। ঝিলম ও অনুষ্কার বিদায়ের পর এই দুই তারকার উপস্থিতি শোয়ের উত্তাপ আরও বাড়িয়ে তুলবে।