টালা প্রত্যয়ে ঢোকার মুখেই টাকা চাওয়ার নজিরবিহীন অভিযোগ, নেপথ্যে বড় চক্রান্ত না কি ব্যবসায়িক কৌশল

উত্তর কলকাতার নামজাদা দুর্গাপুজো ‘টালা প্রত্যয়’ এবার দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েছে। মণ্ডপে প্রবেশের জন্য প্রতি দর্শনার্থীর কাছ থেকে ২১৪ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের দাবি, লাইনের শুরুতে কিছু না জানানো হলেও মণ্ডপের সামনে পৌঁছে টাকা দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করতে বলা হচ্ছে। এমনকি পাড়ার বাসিন্দারাও এই ব বসা থেকে রেহাই পাচ্ছেন না এবং টাকা দিতে অস্বীকার করায় মণ্ডপে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও খবর। তবে পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে জোর করে কারও থেকে টাকা নেওয়া হচ্ছে না। মূলত শিল্পী সুশান্ত পালের একটি মিউজ়িক ভিডিয়ো অ্যালবাম ক্রেতাদেরই এই নির্দিষ্ট টাকা দিতে হচ্ছে।
বিতর্ক আরও উস্কে দিয়ে পুজো কমিটির কর্তা দেবাশিস সোম দাবি করেছেন যে টালা প্রত্যয়ের নাম খারাপ করতে একটি সংঘবদ্ধ নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, বিগত বছরগুলিতে যাঁদের হাতে পুজোর দায়িত্ব ছিল, বর্তমান স্থানীয় কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁরা এই বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দিচ্ছেন। মণ্ডপে কৃত্রিম ভিড় তৈরি এবং দর্শকদের ঘোরানোর অভিযোগও সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে উদ্যোক্তারা। অন্যদিকে, ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা সুবিচারের দাবিতে স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারির দৃষ্টি আকর্ষণ করেছেন। সব মিলিয়ে উৎসবের আবহেই ঐতিহ্যবাহী এই পুজোর ব্যবস্থাপনা ও প্রবেশাধিকার কেন্দ্র করে এখন দর্শনার্থী এবং উদ্যোক্তাদের মধ্যে টানাপোড়েন চরম আকার ধারণ করেছে।