উপাচার্যের ঘরে তাণ্ডব ও হেনস্থা! এসআরএফটিআই-তে ৬ পড়ুয়া সাসপেন্ড, দায়ের এফআইআর

কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর এবং তাঁকে হেনস্থা করার মতো গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠল ক্যাম্পাস। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে স্থানীয় থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইনস্টিটিউটের রেজিস্ট্রার দীপক কুমারের স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার গভীর রাত এবং বৃহস্পতিবার সকালে উপাচার্যের অফিসে ব্যাপক তাণ্ডব চালানো হয়। বিক্ষুব্ধদের ছোঁড়া পাথরে কার্যালয়ের জানালার কাচ চুরমার হয়ে যায়। প্রশাসনিক কাজ সম্পূর্ণ অচল করে দেওয়ার লক্ষ্যে জলের পাইপ এবং এসির লাইনও কেটে দেওয়া হয়েছে বলে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনরত ও বহিস্কৃত ছাত্রদের দাবি, উপাচার্যকে হেনস্থা বা কার্যালয়ে ভাঙচুরের মতো কোনো ঘটনাই ঘটেনি। তাঁদের চলমান আন্দোলনকে দমন করতে এবং আন্দোলনকারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উপাচার্য ও শিক্ষকদের একটি অংশ এই ধরণের মিথ্যে ‘ন্যারেটিভ’ বা গল্প তৈরি করছেন।
অভিযোগ ও পাল্টা অভিযোগে বর্তমানে এসআরএফটিআই ক্যাম্পাস চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।