হাই কোর্টের রায় খারিজ! দুর্গাপুজোর আবহেই জেলমুক্তির পথে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ?

হাই কোর্টের রায় খারিজ! দুর্গাপুজোর আবহেই জেলমুক্তির পথে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ?

কলকাতা হাই কোর্টের নির্দেশ বাতিল করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত কুমার বরলের বেঞ্চ শুক্রবার এই নির্দেশ জারি করে। দু’বছরের বেশি সময় ধরে কারাবন্দি সন্দীপের মামলার বিচারপ্রক্রিয়ায় চরম ধীরগতি এবং দীর্ঘ বন্দিদশার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর আইনজীবী। এর আগে হাই কোর্ট জামিনের আর্জি প্রত্যাখ্যান করায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সন্দীপ।

অন্যদিকে, আরজি করের চিকিৎসক-ছাত্রী ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মূল মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। ইডি তাকে অন্য মামলায় হেফাজতে না নেওয়ায় এবং আগেই চার্জশিট পেশ করায় তাঁর জেলমুক্তির সম্ভাবনা এখন একপ্রকার নিশ্চিত। তবে আদালতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আন্দোলনকারী চিকিৎসক ও নির্যাতিতার পরিবার। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। চিকিৎসকদের আশঙ্কা, সন্দীপের জামিনের ফলে হাসপাতালে আবারও হুমকি-সংস্কৃতি ফিরে আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *