দুর্গাপুজোর পরই ভোলবদলাচ্ছে আবহাওয়া, বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি বাড়াচ্ছে শীতের জল্পনা

দুর্গাপুজো কাটতে না কাটতেই আবহাওয়া নিয়ে বড়সড় জল্পনা শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে প্রবেশ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপের সৃষ্টি করবে। এই সিস্টেমটি পরবর্তীকালে কতটা শক্তিশালী হবে এবং এর গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেবে, তার ওপর নির্ভর করছে রাজ্যের পরবর্তী আবহাওয়ার গতিপ্রকরিটি। তবে এই নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বা বাংলার উপকূলে আছড়ে পড়বে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত আবহাওয়া দফতর থেকে কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া হয়নি।
এদিকে পুজোর রেশ কাটলেও আপাতত রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দিনের বেলা গরম ও আর্দ্রতা অনুভূত হবে। তবে ২৭ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বর মাসে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। ফলে এখনই শীতের আমেজ মেলার সম্ভাবনা কম থাকায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের পরবর্তী আপডেট এবং আবহাওয়ার গতিপ্রকৃতির দিকেই এখন কড়া নজর রেখেছেন আবহাওয়াবিদরা।