জুম্মার ছুটির দিন বাতিল! উত্তরাখণ্ডের পর কি এবার বিজেপি শাসিত বিহারেও বন্ধ হচ্ছে মাদ্রাসার সেই পুরনো প্রথা?

উত্তরাখণ্ডের রাজ্য সরকার স্বীকৃত মাদ্রাসাগুলিতে এতদিন মুসলিম রীতি মেনে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও, এখন থেকে তা পরিবর্তন করে রবিবার করা হয়েছে। জুম্মার নমাজে অংশগ্রহণের এই পুরনো প্রথা বাতিল করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির প্রশাসন রাজ্যের ২০৬টি মাদ্রাসাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করেছে। এর পাশাপাশি তহবিলের উৎস সংক্রান্ত অসঙ্গতি ও সরকারি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু মাদ্রাসা ভেঙে দেওয়া বা বন্ধ করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু শিক্ষা আইন, ২০২৫-এর অধীনে এখন থেকে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি বিদ্যালয়ের নির্ধারিত নিয়মকানুন, জমির নিবন্ধন এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত কঠোরভাবে মেনে চলতে হবে।
উত্তরাখণ্ডের এই কঠোর পদক্ষেপের পর এবার বিজেপি শাসিত বিহারেও একই নিয়ম চালুর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সীমাঞ্চল এলাকার কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জসহ বেশ কিছু জেলায় যেখানে সংখ্যালঘু জনসংখ্যা বেশি এবং মাদ্রাসায় শুক্রবার ছুটির প্রথা চালু রয়েছে, সেখানে এই পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারেও উত্তরাখণ্ডের অনুরূপ নীতি কার্যকর হতে পারে। শিক্ষা ব্যবস্থার মূলধারায় মাদ্রাসাগুলিকে যুক্ত করার পক্ষেই মূলত এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।