সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাশিয়ায় পলায়ন! শিশুপুত্রকে ফেরাতে মরিয়া স্বামী, জারি রেড কর্নার নোটিস

শীর্ষ আদালতের কড়া নির্দেশ অমান্য করে শিশুপুত্রকে নিয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়া এক বিদেশি বধূর প্রত্যর্পণ চেয়ে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হল দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গের চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়ার। ২০২০ সালে তাঁদের একটি পুত্রসন্তান জন্মায়। দম্পতির বিবাদের জেরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, শিশুটির হেফাজত বাবা ও মা দু’জনেরই কাছে থাকবে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করে অভিযুক্ত মহিলা গোপনে পুত্রকে নিয়ে দেশ ছেড়ে চলে যান বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর স্বামী সৈকত বসুর অভিযোগে মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাঁর খোঁজে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করা হয়। সম্প্রতি দিল্লির নিম্ন আদালতে মামলার শুনানিতে পুলিশ একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সেখানে জানানো হয়েছে, অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনতে রাশিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগের প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশ উড়িয়ে এই পলায়ন এবং প্রশাসনিক পদক্ষেপের ধীরগতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।