ধনতেরাস ও বিয়ের বাজারের আগে রেকর্ড পতন, হুড়মুড়িয়ে কমল সোনা ও রুপোর দাম
/indian-express-bangla/media/media_files/2024/11/17/GApQC05CDfoYcoOS7an5.jpg?w=1200&fit=1200,629&ssl=1)
সামনেই ধনতেরাস এবং বিয়ের মরশুম। এই সময়ে সোনা ও রুপো কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে। গত দু’মাসে আন্তর্জাতিক বাজার এবং সুদের হারের পরিবর্তনের কারণে মূল্যবান এই ধাতুর দাম অনেকটাই কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বিগত দু’মাসে সোনার দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এমসিএক্সে ২৪ অগাস্ট যেখানে সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ১,৬৫,৬০ টাকা, তা কমে ২৩ অক্টোবর দাঁড়িয়েছে ১,৪২,১৫০ টাকায়। অর্থাৎ, মাত্র দুই মাসের ব্যবধানে সোনা প্রায় ২৩,৪৫০ টাকা সস্তা হয়েছে। শুধু অক্টোবর মাসেই সোনার দাম কমেছে প্রায় ৮,০০০ টাকা। অন্যদিকে, রুপোর বাজারে আরও বড় ধামাকা দেখা গিয়েছে। ২৪ অগাস্ট এক কিলোগ্রাম রুপোর দাম ছিল ২,৫১,০০০ টাকা, যা কমে ২৩ অক্টোবর দাঁড়িয়েছে ১,৯৬,০০০ টাকা। এর ফলে দু’মাসে রুপো সস্তা হয়েছে প্রায় ৫৫,০০০ টাকা।
সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় সোনা ও রুপো বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সোনার সর্বকালের সর্বোচ্চ দর ছিল প্রতি ১০ গ্রামে ১,৯৩,০০০ টাকা, যার তুলনায় এখন দাম প্রায় ৫০,৮৫০ টাকা কম। একইভাবে রুপোর রেকর্ড দর কিলোগ্রাম প্রতি ৪,২০,০০০ টাকা থেকে কমে বর্তমানে প্রায় ২,২৪,০০০ টাকা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, অপরিশোধিত তেলের দামের প্রভাব এবং মার্কিন ফেডারেল রিজ়ার্ভের সুদের হারের নীতির কারণে বড় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র বদল করায় এই পতন ঘটেছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একবারে সমস্ত টাকা বিনিয়োগ না করে কিস্তিতে বা ধাপে ধাপে সোনা-রুপো কেনা বুদ্ধিমানের কাজ হবে। তবে কেনার আগে অবশ্যই নিজেদের বাজেট, গয়নার মজুরি এবং বাজার পরিস্থিতি খতিয়ে দেখা উচিত।