‘মোদীর বাপও যাবে!’ খাড়গের মন্তব্যে উত্তাল রাজনীতি, আজ দেশজুড়ে পথে নামছে বিজেপি

বিহারের পটনায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে এক অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন দর্শকাসনের এক ব্যক্তি বাধা দিয়ে বলেন যে মোদী কোথাও যাবেন না। জবাবে খাড়গে বলে বসেন, ‘মোদীর বাপও যাবে।’ কংগ্রেস সভাপতির এই নজিরবিহীন মন্তব্যের পরই রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া শুরু করেছে বিজেপি। দেশের শীর্ষ নেতৃত্ব কংগ্রেস সভাপতির কড়া সমালোচনায় মুখর হয়েছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে করা এই কটূক্তির প্রতিবাদে খাড়গের বিরুদ্ধে ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের মতে, বারবার নির্বাচনে হেরে নীতিহীন হয়ে পড়াতেই কংগ্রেস এখন ব্যক্তিগত আক্রমণের এই নিচু পথ বেছে নিয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। পটনার ইনকাম ট্যাক্স সার্কেলসহ একাধিক স্থানে খাড়গের কুশপুতুল দাহ এবং রাজপথে বড় মাপের বিক্ষোভ কর্মসূচির তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির।