প্রধানমন্ত্রী মোদির বাবাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য! এবার গ্রেপ্তারির মুখে খাড়গে? তোলপাড় রাজ্য রাজনীতি

বিহারের এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবারের সেই সভায় এক ব্যক্তির মন্তব্যের জবাবে রাগে ক্ষিপ্ত হয়ে তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। খাড়গের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ শীর্ষ নেতৃত্ব শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
এই ঘটনার জল গড়ায় পুলিশ পর্যন্ত। পাটনার কোতওয়ালি থানায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ কুমার সিং। কুরুচিকর মন্তব্যের জন্য ২৪ ঘণ্টার মধ্যে খাড়গেকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে, অন্যথায় আইনি পদক্ষেপ আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ ও গ্রেপ্তারি সংক্রান্ত গুঞ্জনের বিষয়ে খাড়গে বা কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।