রাষ্ট্রসংঘে বড়সড় বদলের দাবি ভারতের! সব স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা নিয়ে কী প্রস্তাব দিল দিল্লি?

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমূল সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নয়া সংস্কারে থাকা সমস্ত স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা-সহ সমান অধিকার দিতে হবে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পার্বথনেনি হরিশ ভেটোবিহীন বা সীমিত ক্ষমতাসম্পন্ন কোনো পৃথক স্থায়ী সদস্যের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেন, ভেটো ক্ষমতা না দিলে নতুন স্থায়ী সদস্যরা কার্যত ‘দ্বিতীয় শ্রেণীর’ সদস্যে পরিণত হবে এবং পাঁচ স্থায়ী দেশের একচ্ছত্র নিয়ন্ত্রণই বহাল থেকে যাবে। ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মূলগত কোনো পরিবর্তন আসবে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
নিরাপত্তা পরিষদের বর্তমান পরিকাঠামো ২১ শতকের বাস্তবতাকে প্রতিফলিত করে না উল্লেখ করে ভারতের তরফে বলা হয়, বিশ্বশান্তি রক্ষায় এই পরিষদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সংস্কার জরুরি। রাষ্ট্রসংঘ গঠনের পর থেকে এ পর্যন্ত ২০০টি প্রস্তাবের বিপরীতে ৩৩১ বার ভেটো প্রয়োগের বিষয়টি তুলে ধরে ভারত জানায়, রাজনৈতিক স্বার্থে ভেটোর অনভিপ্রেত ব্যবহার পরিষদের গুরুত্ব কমিয়েছে। তাই ভেটো ব্যবহারে সংযমের বার্তা দেওয়ার পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী উভয় ক্ষেত্রেই সদস্য সংখ্যা বাড়িয়ে ভারতের মতো যোগ্য দেশকে স্থায়ী আসন দেওয়ার দাবি পুনরুচ্চারণ করা হয়েছে।