শাহরুখ খানের নতুন ছবির পোস্টার নিয়ে নেটদুনিয়ায় শুরু বিতর্ক

আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। মঙ্গলবার সকালে মুক্তিপ্রাপ্ত এই পোস্টারে বন্দুক হাতে এবং মুখে গোলাপ নিয়ে এক নতুন ও বেষিক অবতারে ধরা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে পোস্টারটি সামনে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। একাংশের নেটিজেন দাবি করছেন, এই পোস্টারের সঙ্গে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ছবির পোস্টারের আশ্চর্য মিল রয়েছে। অনেকে একে ‘ধুরন্ধরের সস্তা কপি’ বলেও কটাক্ষ করতে পিছপা হননি। পোশাকের খয়েরি রং এবং নেপথ্যের আগুনের প্রেক্ষাপট প্রায় একই রকম হওয়ায় এই তুলনা টানা হচ্ছে।
যদিও সমালোচনার পাশাপাশি শাহরুখ ভক্তরা এর উপযুক্ত জবাব দিয়েছেন। ভক্তদের একাংশের মতে, এই মিল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি নির্মাতাদের একটি নিখুঁত বিপণন কৌশল বা মার্কেটিং স্ট্র্যাটেজি। তাঁদের বিশ্বাস, এই ধরনের চর্চা ও বিতর্ক আদতে ছবিটির প্রচারকেই আরও তরান্বিত করছে। আগামী ২৪ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত এই অ্যাকশনধর্মী ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রায় চারশো কোটি টাকা বাজেটের এই ছবি ঘিরে সিনেপ্রেমী ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই এই চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের কৌতূহল ও জল্পনা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।