দীপাবলি ও ছটপুজোয় হু হু করে বাড়ছে স্পেশাল ট্রেনের সংখ্যা, কনফার্ম টিকিট পেতে বড় পদক্ষেপ রেলের

আগামী দীপাবলি ও ছটপুজোয় যাত্রীদের উপচে ভিড় সামাল দিতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নর্দান রেলওয়ে কর্তৃপক্ষ ৬ হাজার ২০০টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। উৎসবের মরশুমে বাড়ি ফেরা বা ভ্রমণের সময় সাধারণ মানুষকে যাতে কনফার্ম টিকিট পাওয়ার সমস্যায় পড়তে না হয়, তা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই বছর ট্রেনের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে, যার ফলে দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার যোগাযোগ আরও সুগম হবে।
দেশজুড়ে উৎসবের এই মরশুমে যাত্রীদের বিপুল চাপ সামলাতে নিয়মিত ট্রেনগুলোর ওপর অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যেই এই বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নর্দান রেলওয়ে জোন একা ৩ হাজার ৬০০টি স্পেশাল ট্রেন ট্রিপের পরিকল্পনা করেছে এবং সার্বিক ট্রিপের সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বছরে একাধিক নতুন ট্রেন নিয়মিত করার পাশাপাশি উৎসবের এই সময়ে পরিষেবা বৃদ্ধি করায় ভিন রাজ্যে কর্মরত বা যাতায়াতকারী সাধারণ যাত্রীরা যথেষ্ট স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।