অপারেশন সিঁদুরের পর বড় কূটনৈতিক পদক্ষেপ! SCO বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের, কেন এই সিদ্ধান্ত?

অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের এক শীর্ষস্থানীয় মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড কালচার মন্ত্রী আউরঙ্গজেব খান খিচি সহ সংগঠনের ১০টি সদস্য দেশকেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি তাজিকিস্তানের দুশানবেতে আয়োজিত বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ফোরামটির কথা ঘোষণা করেন। সম্মেলনে যোগদানের বিষয়ে পাকিস্তান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসসিও-র সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করা, ঐতিহ্য রক্ষা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করাই এই ফোরামের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালে চিনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন। পহেলগাঁও জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ব্যাপক তিক্ততা তৈরি হয়। তবে ভারতীয় আধিকারিকদের মতে, এটি একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক উদ্যোগের অংশ মাত্র, একে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবর্তন হিসেবে দেখা অনুচিত। এই মঞ্চে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাঁদের মধ্যে সরাসরি আলোচনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।