ইউরোপের সামরিক চাহিদায় এবার বিরাট চমক ভারতের, ৪ বছরে অস্ত্র রফতানি বাড়ল ১৬৬৫%!

ইউরোপ মহাদেশে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ রফতানিতে এক অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গত চার বছরে ইউরোপের বিভিন্ন দেশে ভারতের অস্ত্র রফতানির পরিমাণ লাফিয়ে বেড়েছে প্রায় ১,৬৬৫ শতাংশ। ব্লুমবার্গের পরিসংখ্যান উল্লেখ করে প্রতিরক্ষা খাতের প্রতিবেদনে জানানো হয়েছে, এই চার বছরে ভারত প্রায় ৮,৩০০ কোটি টাকা ($৮৭২ মিলিয়ন) মূল্যের সামরিক উপকরণ ইউরোপে পাঠিয়েছে। এর আগের চার বছরে যার পরিমাণ ছিল মাত্র ৪৭০ কোটি টাকার মতো। অর্থাৎ চাহিদার জোগান দিতে গিয়ে ভারতের রফতানি এক লাফে প্রায় ১৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
এই অভাবনীয় সাফল্যের ফলে মধ্য ও পূর্ব ইউরোপের ১৩টি দেশে অস্ত্র রফতানির ক্ষেত্রে ভারত বিশ্বমঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে বিশ্বজুড়ে ৮০টিরও বেশি দেশে ভারতের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে। কেবল ইউরোপেই নয়, আন্তর্জাতিক বাজারে ভারতের অস্ত্রের ক্রমবর্ধমান চাহিদার কারণে ২০২৫-২৬ অর্থবর্ষে সর্বকালের রেকর্ড গড়ে মোট ৩৮,৪২৪ কোটি টাকার প্রতিরক্ষা রফতানি অর্জিত হয়েছে, যা পূর্ববর্তী অর্থবর্ষে ছিল ২৩,৬২২ কোটি টাকা। মূলত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সাফল্যই ভারতের এই বিশ্বজয়ের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে।