ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ, পরে মৃত্যু! প্রশান্ত কিশোরের মিডিয়া ম্যানেজারকে ঘিরে রহস্য ঘনীভূত

প্রশান্ত কিশোরের দল ‘জন সূরজ’-এর মিডিয়া ম্যানেজার দেবপালিক গুপ্তার রহস্যমৃত্যুতে উত্তপ্ত বিহারের রাজনীতি। সোমবার রাঁচি থেকে পাটনাগামী জন শতাব্দী এক্সপ্রেস থেকে হঠাৎই নিখোঁজ হন ৩১ বছর বয়সি দেবপালিক। ট্রেন ছাড়ার পর খাবার আনতে প্যান্ট্রি কারের উদ্দেশ্যে রওনা দিয়ে দীর্ঘক্ষণ আর ফিরে আসেননি তিনি। পরবর্তীতে ঝাড়খণ্ডের ঝাড়ওয়াদির কাছে রেললাইনের পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জন সূরজ পার্টি। গত চার বছর ধরে প্রশান্ত কিশোরের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্টভাবে কাজ করছিলেন দেবপালিক। সম্প্রতি বিহারের বিধানসভা উপনির্বাচনে দলের মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব সামলে তাঁর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এক নেতার এমন অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে এবং এর নেপথ্যে কোনো রাজনৈতিক বা অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে দলীয় নেতৃত্ব।