‘বয়স হয়েছে, এবার ঘরে বসে বিশ্রাম নিন!’ মমতাকে নিয়ে বিধানসভায় কী বললেন শুভেন্দু?

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, মমতার বয়স প্রায় ৭৫ বছর, তাই তাঁর আর ভোটে না লড়ে আরাম করা উচিত। একই সঙ্গে নন্দীগ্রাম ছেড়ে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র ধরে রাখার পেছনের যুক্তি ব্যাখ্যা করে তিনি জানান, ভবানীপুর না রাখলে মমতা সেখানে পুনরায় উপনির্বাচনে লড়ার সুযোগ পেয়ে যেতেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এবং সাম্প্রতিক নির্বাচনে ভবানীপুরে—উভয় কেন্দ্রেই মমতাকে পরাজিত করার অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের মানুষ তাঁর সিদ্ধান্ত পুরোপুরি বুঝতে পেরেছেন।
বিধানসভায় এই রাজনৈতিক কটাক্ষের পাশাপাশি শুভেন্দু অধিকারী তুলে ধরেন নিহত সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের CBI তদন্তের প্রসঙ্গ। তিনি প্রশ্ন তোলেন, এই খুনের জন্য ২ কোটি টাকার সুপারির অর্থ ক্যামাক স্ট্রিট, কালীঘাট না কি ডায়মন্ড হারবার থেকে এসেছিল, তা তদন্তে বের হওয়া জরুরি। এর পাশাপাশি নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, অন্নপূর্ণা প্রকল্পের সুবিধার কারণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিজেপির সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিগত ছ’মাসের উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যকে এগিয়ে নেওয়ার কাজ কেবল শুরু হয়েছে, আরও বড় বড় উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে।