১১৫ কোটি টাকার মেগাদুর্নীতি! গভীর রাত পর্যন্ত জেরায় যা ফাঁস করলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

দুর্গাপুজোর অবৈধ পাস বিক্রি ও সরকারি টেন্ডারে ব্যাপক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা জানিয়েছেন, ইউনেস্কোর নাম ও লোগো অবৈধভাবে ব্যবহার করে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১১৫ কোটি টাকার বেশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা হয়েছে। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুজোয় শুধুমাত্র ‘মাস আর্ট’-কে সামনে রেখে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া, মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠান এবং বইমেলায় পছন্দের সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বুধবার গ্রেপ্তারের পর থেকেই ঘটনার গভীরে পৌঁছাতে তৎপর হয়েছেন তদন্তকারীরা। ইডির দপ্তর থেকে বের হওয়ার পর তাঁকে দীর্ঘ সময় ধরে জেরা করা হয়, যেখানে বেশ কিছু প্রশ্নের মুখে তিনি সদুত্তর এড়িয়ে যান বলে খবর। তদন্তে উঠে এসেছে, সরকারি নিয়ম ভেঙে প্রায় ৮৫ কোটি টাকা ঘনিষ্ঠদের পাইয়ে দেওয়া হয়েছে এবং প্রাক্তন মন্ত্রীর নিজস্ব সংস্থা ‘অক্টে রেকর্ডস’-এর অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়ার পাশাপাশি সেখান থেকে লেনদেন হয়েছে। আজ ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। অন্যদিকে, প্রাক্তন মন্ত্রীর আইনজীবীরা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।