১০ হাজারের টিকিট ৮০ হাজার! দীপাবলির আগে আকাশছোঁয়া বিমান ভাড়ায় পকেট ফাঁকা যাত্রীদের

উৎসবের মরশুমে ঘরমুখী মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে হু হু করে বাড়ছে বিমান ভাড়া। দুর্গাপুজোয় ছুটি না পাওয়া যাত্রীরা যখন দীপাবলির ছুটিতে বাড়ি ফেরার তোড়জোড় করছেন, ঠিক তখনই কলকাতা-দিল্লি রুটে বিমান ভাড়া প্রায় সাত গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক সময়ে যে টিকিটের দাম ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে থাকে, তা বর্তমানে আকাশছোঁয়ে প্রায় ৮০ হাজারে পৌঁছেছে। হঠাৎ এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে হতবাক সাধারণ যাত্রীরা।
মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদের মতো দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটেও টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। বিমান সংস্থাগুলোর দাবি, শেষ মুহূর্তের বুকিং, সিটের প্রাপ্যতা এবং যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করেই এই ভাড়ার তারতম্য হয়ে থাকে। তবে উৎসবের মুখে টিকিটের এই অতিরিক্ত দামের ধাক্কায় মধ্যবিত্ত যাত্রীদের যাতায়াত পরিকল্পনায় বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে।