চোরবাগান কাণ্ডে প্রাণ হারানো বিহারের পিতা-পুত্রের পরিবারকে ৫০ লক্ষ টাকা, মুজফফরপুরে পৌঁছল রাজ্যের সাহায্য!

চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানো বিহারের মুজফফরপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮) ও তাঁর সাত বছরের ছেলে অংশ শ্রীবাস্তবের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বিধায়ক উমেশ রাই সরাসরি নিহতের বাড়িতে গিয়ে পৌঁছান। রাজ্য সরকারের তরফে মৃতের আত্মীয়দের হাতে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকার দুটি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার বিপদের সময় তাঁদের পাশে রয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর তহবিল থেকেও অতিরিক্ত ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন তাঁরা।
এই ঘটনায় চাকরি সংক্রান্ত প্রশাসনিক জটিলতা কাটাতেও তৎপর হয়েছে রাজ্য। নিহতের পরিবারের পক্ষ থেকে বিহার সরকারের সঙ্গে কথা বলে একটি সরকারি চাকরির আর্জি জানানো হয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে ডোমেসাইল সার্টিফিকেটের আইনি বাধ্যবাধকতা থাকলেও, বিহারের স্থানীয় বিধায়কদের সঙ্গে কথা বলে কীভাবে বিশেষ ব্যবস্থা করা যায় তা তিনি গুরুত্ব সহকারে দেখছেন। এদিকে উমেশ রাই স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে নিয়ে পরিবারটিকে সার্বিক সহযোগিতার বার্তা দিয়েছেন। অন্যদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তিন মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট জমা পড়ে তা বিধানসভায় পেশ করা হবে এবং কোনো দোষীকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।