সম্পর্ক ভাঙলেই অতীতের শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুরনো ঘনিষ্ঠতাকে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরথনা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক এবং জবরদস্তিমূলক অপরাধের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। ব্যর্থ প্রেমের জের ধরে পুরনো সম্পর্ককে ফৌজদারি অপরাধ বা ধর্ষণের রূপ দেওয়া হলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। আদালতের এই পর্যবেক্ষণ ব্যক্তিগত বিবাদ ও অপরাধমূলক মামলার আইনি সীমানা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেরালার একটি মামলার শুনানিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। মামলায় অভিযোগ ওঠে, এক ব্যক্তি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় সম্পর্ক স্থাপন করেন এবং পরে বিরোধ বাধলে ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। আদালত সাফ জানিয়েছে, প্রথম বিয়ে গোপন রাখার বিষয়টি প্রতারণা এবং এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে পারস্পরিক সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ককে স্রেফ সম্পর্ক ভাঙার জেরে ধর্ষণ বলা যায় না। প্রতারণা ও ধর্ষণের অভিযোগকে এক করে দেখলে বিচারব্যবস্থার অপব্যবহার হতে পারে বলে সতর্ক করেছে দেশের সর্বোচ্চ আদালত।