২৬২ কিমির মধ্যে আটকে মাত্র ৪০! সীমান্ত সুরক্ষায় হঠাৎ কোন বড় বাধা উত্তর ২৪ পরগনায়?

ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে কাঁটাতার ও স্মার্ট ফেন্সিং বসানোর কাজে বড়সড় জট তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনায়। প্রায় ২৬২ কিলোমিটার দীর্ঘ সীমান্তে এখনও পর্যন্ত মাত্র ৪০ কিলোমিটার অংশে ফেন্সিং সম্পন্ন হয়েছে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে, সীমান্তে নদী এলাকা এবং জনবসতির ঘনত্বের কারণে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ রয়ে গিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়ায় এই কাজের উল্লেখযোগ্য গতি থাকলেও উত্তর ২৪ পরগনায় প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে, যা নিয়ে ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে উদ্বেগজনক রিপোর্ট পাঠানো হয়েছে।
মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে গা ঘেঁষে থাকা গ্রামের বাসিন্দাদের মূল ভূখণ্ডে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জমির অভাবেই এই জটিলতার সৃষ্টি। জমি হস্তান্তরের প্রক্রিয়ার অধীনে রাজ্যের ৯টি জেলায় মোট ১,০২৪.৭৫ একর জমি চিহ্নিত করা হলেও স্থানীয় জনবসতি স্থানান্তর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিএসএফ ডিজি প্রবীণ কুমার নবান্নে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার ও অনুপ্রবেশ ঠেকাতে এই জট দ্রুত কাটানো অত্যন্ত জরুরি।