ইকো পার্কে গর্জে উঠবে রয়্যাল বেঙ্গল! নিউ টাউনে বাঘ আনতে তোড়জোড় বন দফতরের, জানুন বিশদ

আলিপুর চিড়িয়াখানার পর এবার নিউ টাউনের হরিণালয়ে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার তোরজোড় শুরু করল রাজ্য বন দফতর। ২০২৭ সালের এপ্রিল-মে মাসের মধ্যেই ইকো পার্ক লাগোয়া এই মিনি জু-তে বাঘ আনার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি হরিণালয়ের বাঘের এনক্লোজার সরেজমিনে পরিদর্শন করে বনমন্ত্রী মনোজ ওঁরাও জানান, প্রয়োজনীয় পরিকাঠামো প্রায় তৈরি। সামান্য কিছু কাজ মিটলেই ‘সেন্ট্রাল জু অথরিটি’র কাছে অনুমতির আবেদন জানানো হবে। প্রাথমিক রূপরেখা অনুযায়ী, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকেই প্রথম বাঘটি আনা হতে পারে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী বাঘের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে সাড়ে ১২ একর জমিতে তৈরি এই মিনি জু-তে বাঘের জন্য বিশেষ এনক্লোজার গড়া হয়েছে। যার ৭০ শতাংশের বেশি খোলা এবং এতে একটি কৃত্রিম গুহাও রয়েছে। দর্শকদের সুরক্ষায় শক্ত কাচ, লোহার বেড়া ও বিদ্যুৎ-চালিত নিরাপত্তা বেষ্টনী থাকছে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বাঘটিকে শুরুতে কোয়ারেন্টাইনে রাখা হবে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে হরিণালয়ে বাঘ আনার পরিকল্পনা সফল না হলেও, সব ঠিক থাকলে আগামী বসন্তের শেষে নিউ টাউনেই শোনা যাবে রয়্যাল বেঙ্গলের গর্জন।