মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বিমা! রেলের বড় ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের!

ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ করা হয়েছে। এতদিন পর্যন্ত অনলাইনে সংরক্ষিত টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই ঐচ্ছিক ভ্রমণ বিমার সুবিধা মিললেও, এবার থেকে স্টেশনের টিকিট কাউন্টার থেকে সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রেও এই সুবিধা উপলব্ধ হবে। এর ফলে যাঁরা এখনও মোবাইল অ্যাপ বা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন, কাউন্টার থেকে টিকিট কাটা এমন অসংখ্য সাধারণ মানুষও অত্যন্ত সহজে এই বিমার আওতায় আসার সুযোগ পাবেন।
সম্পূর্ণ ঐচ্ছিক এই বিমা পরিষেবার আওতায় যাত্রীরা মাত্র ৪৫ পয়সা প্রিমিয়াম বা খরচেই সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পেতে পারেন। যাত্রীরা টিকিট কাটার সময় নিজের ইচ্ছানুযায়ী এই সুবিধা নিতেও পারেন অথবা বাদও দিতে পারেন। পলিসিতে কোন কোন দুর্ঘটনা বা ঘটনা বিমার আওতায় থাকবে এবং ক্ষতিপূরণ বা দাবি জানানোর সঠিক নিয়ম কী, তা বিস্তারিত উল্লেখ থাকে। আধুনিক কোচ ও ট্রেন চালুর পাশাপাশি পুরনো কোচগুলির রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার মান বজায় রাখতেও সমানভাবে নজর দিচ্ছে ভারতীয় রেল।