একসঙ্গেই পর্দা কাঁপাবেন সঞ্জয় ও সালমান, ‘খলনায়ক রিটার্নস’-এ ভাইজানের কি নতুন ভূমিকা, শোরগোল বি-টাউনে

দীর্ঘ তিন দশক পর ফের ফিরছে নয়ের দশকের আইকনিক ছবি ‘খলনায়ক’-এর সেই চেনা নস্ট্যালজিয়া। সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৩ সালের কাল্ট ক্লাসিক ছবির সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নিয়ে আগেই সঞ্জয় দত্ত জল্পনা উসকে দিয়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে এই সিনেমায় যোগ দিতে পারেন সালমান খানও। সব কিছু ঠিক থাকলে সাজন কিংবা চল মেরে ভাইয়ের স্মৃতি ফিরিয়ে আরও একবার জুটি বাঁধতে চলেছেন দুই তারকা, যা নিয়ে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে।
সূত্রের খবর অনুযায়ী ভাইজানের কথা মাথায় রেখেই ছবির চিত্রনাট্য সাজানো হচ্ছে। গল্পে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে সালমানকে দেখা যেতে পারে, যা সঞ্জয়ের বল্লু চরিত্রটিকে বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করবে। যদিও সুভাষ ঘাই জানিয়েছেন যে চিত্রনাট্যের কাজ এখনও চলছে এবং কাস্টিং চূড়ান্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হলে ২০০৮ সালের যুবরাজ ছবির পর পরিচালক সুভাষ ঘাই এবং সালমান খানের এটি দ্বিতীয় কাজ হতে চলেছে।