আকাশছোঁয়া বিমানভাড়ায় কি তবে এবার স্বস্তি! টিকিটের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের

অতিরিক্ত বিমানভাড়ায় নাজেহাল যাত্রীদের স্বস্তি দিতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা নতুন নির্দেশিকায় বিমান টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে উৎসবের মরশুম বা বিশেষ পরিস্থিতিতে হঠাৎ করে বহুগুণ বেড়ে যাওয়া ভাড়ার ওপর রাশ টানতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাগুলিকে তাদের পরিচালনা খরচ বিচার করে নির্দিষ্ট নিয়ম মেনে ভাড়ার তালিকা ডিজিসিএ-র (DGCA) কাছে জমা দিতে হবে এবং সেই তালিকা প্রতিটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।
পাশাপাশি, টিকিটের বেস ফেয়ার, বিভিন্ন কর, সরকারি ফি, বাতিল করার চার্জ এবং রিফান্ড সংক্রান্ত সমস্ত নিয়ম যাত্রীদের কাছে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ কোনো রুটে যাত্রীদের চাহিদা অতিরিক্ত বেড়ে গেলে সেই সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রবণতা রোধেও কড়া নজরদারি রাখা হবে। কোনো জরুরি পরিস্থিতিতে জনস্বার্থের কথা মাথায় রেখে ভাড়ার লাগাম টানতে সরকারের কাছে বিশেষ পদক্ষেপ করার ক্ষমতাও রাখা হয়েছে।