উৎসবের মরশুমে আকাশছোঁয়া বিমান ভাড়া, জরুরি শুনানি খারিজ করে মামলাকারীকে সুপ্রিম ধমক

উৎসবের মরশুমে লাগামহীন বিমান ভাড়া বৃদ্ধির অভিযোগে দায়ের করা জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিমান ভাড়া প্রায় সাতশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন জরুরি পরিষেবার আওতাভুক্ত বলে আদালতে যুক্তি দিয়েছিলেন এক আইনজীবী। পাশাপাশি, টিকিটের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে সংবিধানের চোদ্দো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমতার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করা হয়। তবে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই আবেদন শুনতে রাজি হয়নি। শুনানি চলাকালীন শীর্ষ আদালতের বিচারপতি আবেদনকারী আইনজীবীকে তিরস্কার করে জানান, বিমানের ভাড়া বেশি হলে বিমানে ভ্রমণ করার প্রয়োজন নেই।
ইতিমধ্যেই দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে স্বচ্ছতা বজায় রাখতে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতে পৃথক একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই আবেদনে বেসরকারি বিমান সংস্থাগুলির খেয়ালখুশি মতো ভাড়া নির্ধারণ এবং অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রণয়নের আবেদন জানানো হয়েছিল। তাছাড়া আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে দেশজুড়ে ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’ কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে বিমান ভাড়ার ওপর নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট এই মামলার জরুরি ভিত্তিতে শুনানিতে অনীহা প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে।