কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার ‘মোস্ট ওয়ান্টেড’ সাইবার অপরাধী, দুবাই পালানোর ছক ভেস্তে দিল পুলিশ!

একাধিক সাইবার প্রতারণা ও ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী শেখ সাবিরকে গ্রেপ্তার করল কলকাতা বিমানবন্দর থানার পুলিশ। কর্নাটক পুলিশ ও সিআইডির নজর এড়িয়ে মঙ্গলবার ভোররাতে শহর ছেড়ে দুবাই পালানোর পরিকল্পনা করেছিল এই অভিযুক্ত। তবে তাঁর বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি থাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে আটক করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। পরবর্তীতে তাঁকে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ সাবির কর্নাটকের একটি বড় মাপের সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু সিটি সাইবার ক্রাইম থানায় বেশ কয়েকটি মারাত্মক আর্থিক প্রতারণার মামলা ঝুলছিল। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ না মেলায় পুলিশ লুক আউট নোটিস জারি করতে বাধ্য হয়। বর্তমানে কর্নাটক পুলিশকে এই গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে এবং ধৃত অপরাধীকে নিজেদের হেফাজতে নিতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।